দুঃখবিলাস
হতাশাকে হতাশ করে দিয়ে
চলো আমরা একসঙ্গে বাঁচি
অভিমানে ফিরে যাক অভিমান
আমি তো তোমার সঙ্গে আছি
দুঃখ আনে আরেক দুঃখটারে
দুঃখবিলাস কোরলে দুঃখ বাড়ে।।
মন থাকলে মন খারাপ তো হবে
মনেক সাজাও মনের মতো করে
অভিযোগকে দিয়ে দাও গো ছুটি
সুখ ফিরে আসবে মনের ঘরে
দুঃখ আনে আরেক দুঃখটারে
দুঃখবিলাস করলে দুঃখ বাড়ে।।
জিদকে তুমি দিয়ো না আর পাত্তা
পাত্তা পেলে চেপে বসবে ঘাড়ে
ভালোবাসলে ভালোবাসা পাবে
ঘৃণা কেবল ঘৃণাই আনতে পারে
দুঃখ আনে আরেক দুঃখটারে
দুঃখবিলাস কোরলে দুঃখ বাড়ে ।।
লিংক: https://www.youtube.com/watch?v=AyBlSPW8-2A
গল্প শোনাও কাকে
আমি তোমায় নিয়ে লিখছি কবিতা
তুমি হাসিমুখে গল্প শোনাও কাকে
চাঁদের বুড়ি করছে উপহাস
ট্যারা চোখে দেখছে আমাকে
দুঃখগুলো বাঁধনহারা
কেমন ভেংচি কাটে তারা
ঘুম গিয়েছে হাওয়া খেতে ধরলা নদীর বাঁকে ।।
তোমায় যখন ভুলতে চাই, মনে পড়ে আরো
মানতে বড় কষ্ট হয় গো, তুমি অন্য কারো
ভুলে গেছি নাওয়া-খাওয়া
সান্ত্বনা দেয় পুবাল হাওয়া
বিছানাটা আমার দিকে অবাক চেয়ে থাকে ।।
মন যে বড় অবাধ্য, সে আমায় মানে না
তোমায় ভালোবাসা ছাড়া কিচ্ছু জানে না
দেহটাকে ফেলে রেখে
যায় ছুটে যায় তোমার দিকে
সকাল-সন্ধ্যা তোমাকে সে নাম ধরে ডাকে ।।
লিংক: https://youtu.be/Yk5i9F95kik?si=UDR_WIHUszpedQfl
খুচরো অভিমান
বুঝতে কি পাও, হৃদয় পোড়ার গন্ধে বাতাস ভারী
শুনতে কি পাও, নীরবতা করছে আহাজারি
শোনার মতো কান যদি তোমার থাকে
কান পাতলেই বুঝবে, তোমার নাম ধরে কেউ ডাকে
জেগে জেগে করো যদি ঘুমিয়ে থাকার ভান
বুকের ব্যাংকে জমিয়ে রাখব খুচরো অভিমান ।।
চোখ বুঝবে চোখের ভাষা, চোখে যদি চাও
রঙিন চশমা খুলে রেখে এদিকে তাকাও
জেগে জেগে করো যদি ঘুমিয়ে থাকার ভান
বুকের ব্যাংকে জমিয়ে রাখব খুচরো অভিমান ।।
ভালোবেসে যাওয়া কেবল একজনের দায় নয়
দুইজনের চাওয়ায় ঘটে প্রণয়-পরিণয়
জেগে জেগে করো যদি ঘুমিয়ে থাকার ভান
বুকের ব্যাংকে জমিয়ে রাখব খুচরো অভিমান ।।
লিংক: https://youtu.be/CCVq9oAoNpg?si=J3jDlM9lhopg-auW
ডাকবো কেন
কত দূরে গেলে আমি হারিয়ে যাব
যত দূরে গেলে মায়া ছাড়িয়ে যাব
তত দূরে যাবো আমি, ফিরব না আর
অত দূরে গেলে আমি আসে-যায় কার
কারো পথের কাঁটা হয়ে থাকব কেন?
ডাকলেও শোনে না যে, ডাকব কেন?
যত ব্যথা পেলে কেউ হয় কাতর
তত ব্যথা সয়ে সয়ে হয়েছি পাথর
অত ব্যথা বুকে পুষে রাখব কেন?
ডাকলেও শোনে না যে, ডাকব কেন?
যত কাঁদলে কারো শান্ত হয় মন
তত কেঁদে কেঁদে আমি শান্ত এখন
অত অপমান গায়ে মাখব কেন?
ডাকলেও শোনে না যে, ডাকব কেন?
লিংক: https://youtu.be/cwTRW8-j2DY?si=yrTy1QzWV5ERPAIF
ইন্তেজার
চোখের কোণে জল কেন গো
মুখ কেন গো ভার
চাঁদকে ডেকে সূর্য বলে,
কী অভিমান তার
মেয়ে, তুমি একটু হাসো
ঘর থেকে বাইরে আসো
ফুল ও পাখি তোমার জন্য
করছে ইন্তেজার।।
পাহাড় যখন কান্না করে
ঝর্ণা বয়ে যায়
সাগরপানে যেতে যেতে
নদী হয়ে যায়
তোমার শোকে সেই নদীটা
ভাঙতেছে দুই পাড় ।।
মেঘ যখন কান্না করে
তুমুল বৃষ্টি হয়
আকাশজুড়ে আহাজারি
বিজলি সৃষ্টি হয়
দমকা হাওয়ার বুকে জাগে
দারুণ হাহাকার ।।
লিংক: https://youtu.be/ofPbwAfey1s?si=s_1NJWRo5K75yH5P

