খাপছাড়া জীবনে
জীবনের নামতা না-জানা আমি
আমতা-আমতা করেই পাড়ি দিচ্ছি দীর্ঘপথ!
মৃতপ্রায় নদীরও থাকে কিছু না কিছু
সুখবাহী ঢেউস্মৃতি; পোড়া অতীতের ছাই উড়লে
ঝাপসা চোখে ভাসাই স্মৃতির সাম্পান।
রক্তে-মাংসে গড়া আমার শিশু-কবিতার কণ্ঠে
বাবা ডাক শুনলে, ঝাপসা চোখে ফোটে
রঙ-বেরঙেরআলো; আমিআজ সে-আলোতেই
কিছুটা আলোকিত খাপছাড়া জীবনে।
দানবিক দাগ
দীর্ঘদিন বহমান কালো-সময়ের দানবিক দাগ
ক্রমশ ম্লান হতে দেখে আমাদের কুয়াশা চোখে
আজ আলোর ঢেউ; অনায়াসে বলা যেতে পারে,
এ ঢেউ অন্ধকার ঢেলেরাখা স্বপ্নপথেও
আমাদের নিয়ে যাবে অনেক দূর! বিলম্ব হলেও
শীতে জবুথুবু বিজয়ের শরীরে লেগেছে বসন্তের ঢেউ;
মৃতপ্রায় স্বপ্নের বাগান আজ সবুজের উৎসবে
মুখরিত হলেও জেগে আছে বহুবন্ধুর পথ।
মন্তব্য

