
ছন্দোময় ওঠা-নামা শরীরের সাথে
কোথা থেকে মূদ্রা আসে নৃত্যরত-কালে,
খুঁজেছি অনেক। পেয়েছি হদিশ তার
স্বর্গের সভায়, উর্বশীর নাচে-তালে!
এই মূদ্রা মর্ত্যে আজ শবনম ধরে
অদৃশ্য, তবুও মনের গহন থেকে
অঙ্গ-রূপ ধরে…গতিময়-মনোময়
শবনম জানে, নৃত্য-কলা মুগ্ধ করে।
বিরহ-বিষাদ থেকে আনন্দ-উচ্ছ্বাস
মূর্তি তার ভিন্ন-ভিন্ন, ভাবের-সংরাগে…
শবনম মঞ্চে ওঠে দিব্য-ভাবনায়
নৃত্য-শিল্পে প্রাণ দেয়, আমার বিশ্বাস!
দেখেছি একটি শিশু নেচে ওঠে ক্ষণে
সঙ্গীতের সুর-মূর্চ্ছনায়, সুষমায়…
কত্থক, ওড়িশী, ভরত নাট্যম, আরো…
বলিউডি-আধুনিক আছে মনে মনে।
প্রশিক্ষণ সব নয়, রক্তে দোলা যার
নৃত্য তার জাদুকরী, সৃজনের মূল…
আত্মত্যাগ, আনন্দের স্বাস্থ্য জুটে যায়…
নৃত্য-শিল্প গরিমার, সত্য, নয় ভুল!
মন্তব্য
