
- চিন্তাসূত্র ডেস্ক
শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে আগামী ১২ থেকে ২০ জানুয়ারি-২০১৮ ষোড়শ এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে বাংলাদেশসহ ৬০টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এই উৎসব জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স হলে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ ও অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যরা অংশ নেবেন।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে চলচ্চিত্রগুলো দেখানো হবে।
ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮-এর অংশ হিসেবে অষ্টম ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ আগামী ৫ থেকে ২০ জানুয়ারি-২০১৮ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে দেশি-বিদেশি ৩০ জন নবীন চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশ নেওয়ার সুযোগ পাবেন। চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রখ্যাত চলচ্চিত্রকার, শিল্পী, কলাকুশলী এই ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন।
এ ছাড়া আগামী ১৩-১৪ জানুয়ারি-২০১৮ উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কর্মশালায় দেশি-বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতারা অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করছি।
এ ছাড়া এবারের উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামী ১৫-১৬ জানুয়ারি-২০১৮ ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IFCAB)-এর আয়োজনে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন- FIPRESCI-এর সহযোগিতায় ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস অ্যাসেমব্লি’ (AFCA) অনুষ্ঠিত হবে, যেখানে এশীয় অঞ্চলের প্রায় ২০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র সমালোচক অংশ নেবেন।
চলচ্চিত্রের যাবতীয় তথ্য সমৃদ্ধ স্মরণিকা প্রকাশিত হওয়ার পাশাপাশি উৎসব চলাকালীন প্রতিদিনকার সংবাদসহ একটি বুলেটিন প্রকাশ করা হবে। একটি আকর্ষণীয় পোস্টার ও স্মরণিকা প্রকাশিত হচ্ছে। এ ছাড়া মিট দ্য প্রেস-এ চলচ্চিত্রকার, প্রযোজক, অভিনয় শিল্পীসহ দেশি-বিদেশি ডেলিগেটরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
