চিন্তাসূত্র ডেস্ক
বিশ্বব্যাপী বলিউডের সিনেমা পদ্মাবতীর মুক্তি ঠেকানোর আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে ভারতের উচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি দিপক মিশরার নেতৃত্বাধীনসুপ্রিম কোর্ট এই আদেশ দেন। এএফপি’র বরাত বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আদালতের রায়ের আগেই ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটির বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়। বলা হচ্ছে, সিনেমাটিতে এক হিন্দু রানি ও এক মুসলিম শাসকের মধ্যে প্রেম-ভালোবাসা দেখানো হয়েছে।
ভারতে সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সরবোর্ড থেকে অনুমতি না পাওয়ায় মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সিনেমাটির মুক্তি ঠেকানোর আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেছেন, সেন্সর হওয়ার আগে এখনই কারও সিনেমাটির বিচার করা উচিত নয়। আদালত জানিয়েছে, ‘দায়িত্ববান লোকরাই ক্ষমতায় আছেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে মন্তব্য করা আইনের শাসনের পরিপন্থী।’
