হলদে পাখির গায়ে হলুদ
হলুদ বরণ হলদে পাখির
গায়ে হলুদ আজ
হলুদ রঙের ওপর হলুদ
কেমন হবে সাজ?
টিয়ের সাথে বিয়ে হবে
বনে খুশির ঢল
একে একে জড়ো হলো
পাখ-পাখালির দল।
ময়না গাবে বিয়ের গীত
নাচবে তবে কে
ময়ূর বলে, আমি ছাড়া
নাচছে কবে কে।
হুতুম পেঁচা সানাই বাজায়
কাকে বাজায় ঢাক
মাছরাঙা কয়, এমন খুশি
সারা বছর থাক।
বাবুই পাখি তাদের জন্য
ঘর বানালো খাসা
ছড়ায় ছড়ায় পাখির প্রতি
রইলো ভালোবাসা ।
কাকতাড়ুয়ার কাণ্ড
কাক তাড়াতে কাকতাড়ুয়া
পুঁতে রাখছি ক্ষেতে
সেটাই আছে কাকের সাথে
ষড়যন্ত্রে মেতে।
কাকের সাথে জুটলো এসে
পঙ্গপালের দল
ফুল তো খেলো, পাতাও খেলো
খাচ্ছে এখন ফল।
তাদের সাথে আঁতাত করে
সরু বাঁশের বেড়া
বেড়া যখন ফসল খায়
কান্দে কৃষকেরা।
সোনার বাংলায় সোনা ফসল
ফলবে কবে আর
(যখন) কাকের সঙ্গে কাকতাড়ুয়ার
সন্ধি চমৎকার।
ছড়ার ছড়াছড়ি
ছড়ায় ছড়ায় ছড়াছড়ি, গড়াগড়ি যাচ্ছে ছড়া
ছোট-বড় নানান ছড়ায় ছড়াকারের খাতা ভরা।
টাটকা ছাড়া, বাসি ছড়া, ছড়ার আছে নানান ধরন
নরম ছড়া, গরম ছড়া, বাঁকা-সোজা—নানান গড়ন।
ছড়া হাসায়, ছড়া কাঁদায়, ছড়ায় যেন মোহ মেশা
ছড়া পাঠে বুঁদ হয়ে রই, ছড়া যেন ধরায় নেশা।
ছোট-বড়, ছেলে-বুড়ো—সব বয়সীই ছড়া পড়ে
ছড়াপাগল পাঠক যেন কেবল ভোগে ছড়া-জ্বরে।
চলুন সবাই ছড়ায় ছড়ায় অসঙ্গতি তুলে ধরি
ছড়ার লেখক-পাঠক সবাই বাঁচার মতো সমাজ গড়ি।

