একুশ মানেই আকাশ ভরা নীল নয়
নীল আকাশে ডানা মেলা চিল নয়।
একুশ মানেই পলাশ গাছের লাল নয়
একুশ মানেই বাতাস ভরা পাল নয়।
একুশ মানে বুকের ভেতর বহতা এক নদী,
একুশ মানে স্রোতধারা বইছে নিরবধি।
সেই স্রোতটা যায় এগিয়ে
শহর এবং গ্রামকে ছুঁয়ে
সকল বিষাদ, কলুষতা
নিজের মতো নেয় সে ধুয়ে—
বিশ্বজয়ের পথে হাঁটে
আমার একুশ, আমার
তার চলার শেষতো নেই
নেইতো সময় থামার।
একুশ মানেই প্রভাত ফেরির ঢল নয়
একুশ মানেই তপ্ত চোখের জল নয়।
একুশ মানে শুধু বইয়ের মেলা নয়
একুশ মানে ব্যস্ত সারাবেলা নয়।
একুশ মানে আদিগন্ত আমি,
একুশ মানে আমার অন্তর্যামী।
মন্তব্য

