অনির্দিষ্ট গন্তব্যে একাকী দাঁড়িয়ে
রেলগাড়ি কতদূর গেল—
কান পেতে শুনি সেই ধ্বনির মহিমা
পাথর চোখজুড়ে অশ্রু নেই
স্টেশনে হারিয়ে ফেলেছি গন্তব্য-ঠিকানা!
কত হাহাকার ও সন্ধানের চরকি হাওয়া
জমা হলো এই চোখের ভেতর—
শিরা-উপশিরায় প্রবাহিত রক্তকণিকায়
না রেখে; বিছিয়েছ পথ বিষকাঁটায়!
রেলগাড়ি কতদূর গেল—
ক্ষার ও ক্ষরণের অলীক মায়ায়
একা একা অশ্রুহীন পাথর চোখ নিয়ে
স্টেশনে হারিয়ে ফেলেছি গন্তব্য-ঠিকানা।
সোনালু ফুলের মায়ায়
কী করে ফুরাবে এ অরণ্যের পথ
জানি ডানা ছাড়া যেতে হবে বহুদূর…
তবু ক্লান্ত পা হেঁটে হেঁটে যাবে—
সঞ্চয়ে নেবে সৌরভ, ঝরাপাতা…
নানা রঙে যে গোলাপ ফুটে থাকে
প্রস্ফুটিত পাপড়ি মেলে; তাতেও বাসনা নেই!
আরো দূর হেঁটে এসে এক সোনালু ফুলের মায়ায়
একাকী হৃদয় পেতে বসে থাকে নৈঃশব্দ্যের কোকিল।
মন্তব্য
