চিন্তাসূত্র ডেস্ক
কবি মাহবুবুল হক শাকিল পুরস্কার পেলেন তরুণ কবি রাসেল রায়হান। বুধবার (২০ ডিসেম্বর) মাহবুবুল হক শাকিলের ৪৯তম জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মাহবুবুল হক শাকিল সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহবুবুল হক শাকিলের বাবা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, মা নুরুন নাহার, স্ত্রী নীলুফার আনজুম পপি ও মেয়ে জাকিয়া রুবাবা মৌপি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, যেকোনো বড় আলোচনা শুনে অতিদ্রুত শাকিল তার সারবস্তু লিখে ফেলতে পারতেন। তার মতো সিস্টেম্যাটিক মানুষ খুব কম দেখেছি। কাজের মাধ্যমে তিনি জীবনটাকে সাফল্যমণ্ডিত করে গেছেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শাকিল জীবনকে ভালোবাসতেন নিজের মতো করে। তিনি যেভাবে জীবনকে উপভোগ করতে চেয়েছিলেন, তাতে আয়ু যদি কমে যায়, তার মধ্যে কোনো দুঃখবোধ ছিল না। শাকিল তার চারপাশকে গুণমুগ্ধ করে রেখেছিলেন, এমনকি আমার মতো মানুষকেও মুগ্ধ করেছিরেন। তা থেকেও বোঝা যায়, আট-দশজন মানুষের চেয়ে শাকিল আলাদা ছিলেন।
মাহবুবুল হক শাকিলের বাবা জহিরুল হক বলেন, আমাদের ছোট শাকিল কবে বড় হয়ে গেছে, তা বুঝতেই পারিনি। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, রাজনীতি থেকে সাহিত্য, সাহিত্য থেকে সংস্কৃতি অঙ্গন- সব অঙ্গনে বিচরণ ছিল তার। কোনো অঙ্গনে ঝড় না তুললেও মৃদু ঢেউ সে তুলেছিল, তার প্রমাণ আজকের এই উপস্থিতি।
স্ত্রী নীলুফার আনজুম পপি বলেন, শাকিল চাইতেন সবাই তাকে অনেক ভালোবাসুক, এখন সেটাই হচ্ছে। আমরা শাকিলকে ভালোবেসে স্মরণ করছি। আনন্দ-ভালোবাসার মধ্যেই বেঁচে থাকবেন তিনি।
স্মরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহবুবুল হক শাকিল সংসদের আহ্বায়ক কবি হাবিবুল্লাহ সিরাজী, সাংসদ কাজী রোজী, ফজিলাতুন্নেছা বাপ্পী, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাংবাদিক জ ই মামুন, সৈয়দ ইশতিয়াক রেজা, প্রভাষ আমিন, ডা. মাহবুব আল মাহতাব স্বপ্নীল, ডা. নুজহাত চৌধুরী শম্পা, পুরস্কারপ্রাপ্ত কবি রাসেল রায়হান প্রমুখ।
