পশ্চিমবঙ্গের কবি কাজল চক্রবর্তী সম্পাদিত জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘সাংস্কৃতিক খবর’ প্রবর্তিত ‘ভাষাঘর পুরস্কার-২০২৬’ পেলেন কবি, প্রাবন্ধিক ও সম্পাদক কামরুল বাহার আরিফ ও কবি-অনুবাদক নূরল হক।
ভাষাঘর পুরস্কার মূলত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিন আন্দোলন, তরুণ কবি-লেখক এবং সমকালীন সাহিত্যচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রবর্তিত একটি স্বতন্ত্র সাহিত্য পুরস্কার।
এই পুরস্কারের প্রাসঙ্গিক ভূমিকা হচ্ছে, প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় বলয়ের বাইরে এসে নিখাদ সাহিত্যপ্রেম ও লিটল ম্যাগাজিনের ধারাকে বাঁচিয়ে রাখা। দুই বাংলার যেসব লেখক, কবি বা অনুবাদক প্রচারের আলো থেকে দূরে থেকে নীরবে ভালো কাজ করে যাচ্ছেন, তাঁদের এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি ও সম্মান জানানো হয়।
২০১৯ সাল থেকে প্রবর্তিত পুরস্কারটির পরিধি বাংলাদেশ ও কলকাতা—উভয় অঞ্চলের সাহিত্যিকদের মধ্যেই বিস্তৃত। ইতোমধ্যে এই পুরস্কারে ভূষিত হয়েছেন অনেক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিন সম্পাদক। উল্লেখযোগ্যদের মধ্যে কবি ও সম্পাদক অলোক বিশ্বাস, কবি দুর্গাদাস মিদ্যা, কবি সুদীপ্ত বন্দোপাধ্যায়, কবি পঙ্কজ মণ্ডল, কবি অদীপ ঘোষ প্রমুখ।

