
- চিন্তাসূত্র ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জীবন ও কর্মভিত্তিক ‘বাংলার রাজনীতি ও জিল্লুর রহমান’ শীর্ষক প্রামান্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটির লেখক অধ্যাপক ও সাংবাদিক সাইফুল ইসলাম সেকুল। এটি প্রকাশি হয়েছে বাংলা একাডেমি থেকে।
ষোলো অধ্যায় রচিত বইটিতে রয়েছে: ব্রিটিশ ভারতে বাংলার রাজনীতি এবং জিল্লুর রহমানের রাজনৈতিক জীবনের সূচনা, পাকিস্তান আমলে পূর্ব বাংলার রাজনীতি এবং ছাত্র ও জাতীয় রাজনীতিতে জিল্লুর রহমানের ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জিল্লুর রহমানের ভূমিকা, বঙ্গবন্ধু সরকারের আমল, খন্দকার মোশতাক সরকারের শামনামল, জিয়াউর রহমানের সামরিক শাসনামল ও বেসামরিকীকরণ, বিচারপতি সাত্তার সরকারের শাসনামল, এরশাদের সামরিক শাসনামল ও বেসরকারীকরণ, অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপিত সাহাবুদ্দিন সরকারের আমল, খালেদা জিয়া সরকারের (প্রথম ও দ্বিতীয়) শাসনামল, বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাধায়ক সরকারের আমল, বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের আমল, খালেদা জিয়া সরকারের (তৃতীয়) আমল, রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমল, সেনাসমর্থিত ড. ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল। এসব পর্বে জাতীয় রাজনীতির ধরাবাহিকতায় জিল্লুর রহমানের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বইয়ের লেখক সাইফুল ইসলাম মুখবন্ধে বলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে যিনি শত ব্যস্ততার মধ্যেও আমার মতো একজন সাধারণ মানুষকে মূল্যায়ন করে বিভিন্ন সময়ে সাক্ষাৎকার দিয়ে উৎসাহ দিয়ে গ্রন্থটি রচনায় সহায়তা করেছিলেন।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে বইটি গত এপ্রিল মাসে বাংলা একাডেমির বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত উল্লেখযোগ্য কার্যক্রমের আওতায় একাডেমির গবেষণা, সংকলন, অভিধান ও বিশ্বকোষ বিভাগ থেকে প্রকাশিত হয়। চারশ’ ষোল পৃষ্ঠার বইটির প্রকাশক হচ্ছেন একাডেমির পরিচালক মোবারক হোসেন। বইটি নারী আন্দোলনের অন্যতম পথিকৃত বেগম আইভি রহমানকে উৎসর্গ করা হয়েছে। সূত্র: বাসস
