সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভজন’-এর আয়োজনে ৩০ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিভাবান কণ্ঠশিল্পী মল্লিকার একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শুভজনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে শুভাশিস জানাতে সংক্ষিপ্ত আলোচনা পর্বের সভাপতিত্ব করেন গীতিকবি এম আর মনজু।
কণ্ঠশিল্পী মল্লিকা একে একে গেয়ে শোনান নিজের গান ছাড়াও দুই বাংলার জনপ্রিয় সব গান। এরমধ্যে গজল, ভজন, ঠুমরীসহ মীরাবাঈ, পারভিন সুলতানা, লতা,আশা,আরডি বর্মণ, মান্নাদের গান। এছাড়া দর্শকের অনুরোধে গেয়ে শোনান হিন্দি ও উর্দু গানও।
মল্লিকা উচ্চাঙ্গসঙ্গীতে ভারত থেকে তালিম নিয়েছেন। তাঁর প্রথম অডিও একক অ্যালবামও প্রকাশিত হয়েছে কলকাতায় সাগরিকার ব্যানারে। এ পর্যন্ত প্রায় ১৩টি একক গানের অ্যালবাম করেছেন। তার সর্বশেষ মৌলিক গানের একক অ্যালবাম ‘প্রেমের দীর্ঘ পথ’ প্রকাশ করেছে লেজার ভিসন। এ অ্যালবামের কথা ও সঙ্গীত পরিচালনা করেছেন দেশের গুণী সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল।
শুভজনের আয়োজনে অনুষ্ঠিত মল্লিকার একক সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার কাজী রোজী এমপি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শফিক উজ জামান, বিটিভির সংবাদ বিভাগের পরিচালক কবি-গীতিকার নাসির আহমেদ, গীতিকবি সহিদুল্লাহ ফরায়জি, এসএ টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল, বাংলাদেশ ব্যাংক-এর প্রাক্তন মহা-ব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেব প্রমুখ।
