সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ১৭ নভেম্বর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে রাখা হয়। তিনি ডা. আবদুল ওহাব খানের তত্ত্বাবধানে ছিলেন। তার দুটি কিডনি অকার্যকর হয়ে যায়। বহুমূত্র রোগেও তিনি ভুগছিলেন।
শিল্পী বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে একজন বংশীবাদক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। তিনি হুমায়ূন আহমেদের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গান পরিবেশন করে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে সাতটি গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতিলাভ করেন। তার অধিকাংশ গান বিপুল জনপ্রিয়তা লাভ করে।

