ভারতের ‘দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭’ পুরস্কার পেলো তরুণ চলচ্চিত্র ও ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা রহমান মনিরের স্বল্পদৈর্ঘ্য ‘আয়মন’। রহমান মনির রচিত ও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী।
প্রতি বছর মুম্বাই, দিল্লীসহ বিভিন্ন শহরে ঝাঁকজমকভাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নির্মাতাদের।
রহমান মনির জানান, আমার বিশ্বাস হচ্ছে না এত বড় পুরস্কার আমরা পেয়ে যাব। আমার সঙ্গে যারা কাজ করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সবার দোয়াই আমাদের এই সফলতা।
ছবির কাহিনি গড়ে উঠেছে ৭ বছরের ১টি গ্রাম্য বালিকাকে নিয়ে। কুসংস্কার ও সামাজিক রীতিনীতির বেড়াজালে আটকা জীবন আর কল্পনা জগতের মধ্যে ভ্রমণের এক অপূর্ব অনুভূতি নিয়ে। প্রধান চরিত্র ‘আয়মন’-এর কল্পনার বাবা গাছে চড়েন, তাকে নিয়ে গান করেন, তার সঙ্গে খেলা করেন কিন্তু বাস্তব বাবা অনেকটাই কঠোর, তাকে বাড়ির বাইরে গেলেই ধমক খেতে হয়। কিন্তু ছোট্ট আয়মন চমৎকারভাবে বাস্তবতার সঙ্গে যেভাবে বোঝাপড়া করে। এই বিষয়গুলোই নিপুণভাবে ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রে।
উল্লেখ্য, রহমান মনি এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশটিরও অধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
