মা দিবস উপলক্ষে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো তরুণ কথাকার ও নির্মাতা সাদাত হোসাইনের চলচ্চিত্র ‘প্রযত্নে’। এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ৮ মে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি প্রকাশ করা হয়। সাদাত হোসাইনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছে অ্যাশ প্রডাকশন। প্রযোজনা করেছে বাংলাঢোল।
৯ মিনিট ৩৭ সেকেন্ডের চলচ্চিত্রটিতে দিলারা জামান একাই অভিনয় করেছেন। নিঃসঙ্গ এক বৃদ্ধার চরিত্রে দেখা যায় তাকে। যেখানে তিনি একা একাই কথা বলেন।
সাদাত হোসাইন বলেন, ‘কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার কাজের মাধ্যমে ফিকে হয়ে যাওয়া সম্পর্কের অনুভূতিতে নাড়া দিতে চাই। প্রযত্নে তেমনই একটি সম্পর্ক ও অনুভূতির গল্প। দিলারা জামানের মতো একজন গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটাও বিশেষ কিছু। এজন্য বাংলাঢোলকে ধন্যবাদ।’
দিলারা জামান বলেন, ‘গল্পের একটি চমকলাগা চরিত্রে কাজ করতে পেরে আমি গর্বিত। সাদাতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
মন্তব্য
