ফেরারি পাখির ঝাঁক সাঁঝের মায়ায় উড়ে ঘরে
ফেরার আনন্দে উচ্ছ্বল-চঞ্চল আর—পাখিদের
সহযাত্রী হই আমি নিভৃত-নিকুঞ্জে
পালকে লিখি অসীম আকাশের কথা
চেয়ে চেয়ে দেখি দূর সীমানায় উড়ে যাওয়া মেঘ!
পাখিদের চোখে দেখি মুক্ত আকাশে বিশ্বাসl
পাখিদের চোখে শিকারির ভয় আর ঝড়ের আতঙ্ক
অথচ আমার চোখে ভয় ওই মানুষের! আমি ডানাহীন
এবং ওড়ার আনন্দবঞ্চিত আরও কত শঙ্কা
মনের গহনে ঘাই মারে,
আমি মন-ভাঙা। একাকিত্ব, শোক-যন্ত্রণায় কাতর
যেমন পাখিরা হয় বিহ্বল শিকারি ফাঁদে পড়ে!
আহা কত কত পাখি হারায় প্রাণ চোখের আড়ালে!
মন্তব্য

