চিন্তাসূত্র ডেস্ক
শুক্রবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার অষ্টম একক আবৃত্তিসন্ধ্যা। এই দিন বিকাল সাড়ে চারটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটির আয়োজন করছে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি।
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের শিরোনাম ‘আপস করিনি কখনোই আমি এই হলো ইতিহাস।’ এই স্লোগান নিয়েই এর আগে সাতটি পরিবেশনা অনুষ্ঠিত হয়েছিল। এদিন শিমুল মুস্তাফা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত ৭১টি কবিতা আবৃত্তি করবেন।
বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সমন্বয়কারী অলি আহমেদ পল্লব বাসসকে জানান, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একাত্তরের এই ডিসেম্বরেই স্বাধীনতা আসে। এই চেতনার আলোকেই বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি ডিসেম্বর মাসকে অনুষ্ঠানটির জন্য নির্ধারণ করেছে।’ তিনি জানান, ‘‘অনুষ্ঠানে ২৫টি কবিতা আবৃত্তির পর ‘সবকটা জানালা খুলে দাওনা’ গানের সঙ্গে ১ হাজার ৯৭১টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে স্মরণ করা হবে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের। অনুষ্ঠানে শিল্পী উপস্থিত দর্শকদের অনুরোধের কবিতাও পরিবেশন করবেন। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত। ” সূত্র: বাসস

