
- চিন্তাসূত্র ডেস্ক
সার্ক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য বিভাগে সেরা ছবির পুরস্কার পেলো ‘অজ্ঞাতনামা’। সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ছবিটির পরিচালক তৌকীর আহমেদ। শনিবার (২৫ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত উৎসবের সমাপনী দিনে সন্ধ্যায় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২১ নভেম্বর সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। প্রতিযোগিতা বিভাগে সার্কভুক্ত আট দেশের ১৬টি ছবি লড়াই করে। ‘অজ্ঞাতনামা’ ছাড়াও বাংলাদেশ থেকে প্রদর্শিত হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। বাংলাদেশ থেকে উৎসবে মাস্টার বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।
অনষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক চলচ্চিত্র উৎসব ও সার্ক কালচারাল সেন্টার শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা, জুরি বোর্ডের সদস্য, সার্কের সদস্য রাষ্ট্রের কূটনৈতিকরা, সার্কের পরিচালকরা ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
‘অজ্ঞাতনামা’র গল্পের মূল ভিত্তি মধ্যপ্রাচ্যে শ্রমিকদের মানবেতর জীবনযাপন। এটি প্রথমে মঞ্চনাটক হিসেবে লিখেছেন তৌকীর। পরে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় তৈরি করেন সিনেমা। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, নিপুন প্রমুখ।
