শিল্প-সাহিত্য-সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন জাকির জাফরানসহ চার জন। তারা হলেন, কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় গাজী লতিফ ও সাংবাদিকতায় প্রদীপ মোহন্ত। দুই দিনব্যাপী অনুষ্ঠিত কবি সম্মেলনের ২য় দিন শনিবার পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয।
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এতে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাকিদ হায়দার, কবি-সাংবাদিক নাসির আহমেদ, অভিনেতা-লেখক খায়রুল আলম সবুজ, কবি আরিফুল হক কুমার ও কবি বজলুল করিম বাহার। সাংবাদিক জে এম রউফের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক কাজী রাফি। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
এর আগে প্রথম সেশনে কবি মামুন রশীদের প্রবন্ধ ‘সাহিত্য সাময়িকী: পরিপ্রেক্ষিত বর্তমান সময়’ শীর্ষক সেমিনারে কবি কামরুল বাহার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবি-সাংবাদিক নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সম্পাদক সরোজ দেব, কবি সম্পাদক নুরুল ইসলাম বাদল প্রমুখ।
সম্মেলনের ২য় দিনে শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন শিবগঞ্জ এম এইচ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান। কবি সিকতা কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সাংবাদিক তৌহিদুর রহমান মানিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু ও সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন।
স্বরচিত কবিতাপাঠ-পর্বে সভাপতি করেন কবি ও বরেন্দ্র কলেজ, রাজশাহীর অধ্যক্ষ আলমগীর মালেক।
