এই নগরে
এই নগরে নারী-নাগর সব পাওয়া যায় ভাড়া
চালক-পালক সবই পাবেন, পাবেন শর্ত ছাড়া
চাঁদ দেখবার আকাশ পাবেন
ভাড়ায় ট্যাক্সি ক্যাবও পাবেন
ভাড়ায় পাবেন ভরণপোষণ জীবনমরণ সবই
মাতোয়ারা করার মতন পাবেন প্রাণের ছবি।
এই শহরে ভাড়ায় পাবেন হাজার ভবঘুরে
জিন-পরিও পেত্নীরাও ভাড়ার টাকায় উড়ে
পিস্তল আর চাকু ছুরি যায় টাকাতে পাওয়া
ভাড়া নিয়ে লেকের জলেও যায় সহজে নাওয়া
ভাড়ায়-ভাড়ায় চলছে এখন এই নগরের পাট
ভাড়ায় চলে রাস্তাঘাট ও আস্ত সদরঘাট।
কিন্তু অনেক টাকা দিয়েও যায় না পাওয়া সুখ
যায় না পাওয়া সৃষ্টিসুখের মিষ্টি রাঙামুখ।
হয়নি বলা
সূর্য-পৃথিবীটার মাঝে বাস করে যেই চাঁদ
তারও আছে আলোকিত হওয়ার অনেক সাধ
এই পৃথিবীর জন্য আলোর খুলতে গিয়ে দ্বার
তাই সে সুরুজ থেকে করে নিত্য আলো ধার
নদও নদীর দুই পাশে বাস করে কাশের বন
ওই হৃদয়েও ঢেউয়ের মতন হয় যে জাগরণ
তাই শরতে তার পরশে নাচে মেঘের দল
দখিনাতে দামাল হয়ে বয় সে অবিরল
আঁধার এবং আলোর মাঝে যে সন্ধ্যার বাস
তার ভেতরেও বসত করে সুরেলা নিঃশ্বাস
তাইতো রঙের চিত্রপটে সময়টাকে আঁকে
রঙ তুলিটা দেয় বুলিয়ে সন্ধ্যা তারার বাঁকে
তোমার আমার দুই হৃদয়ে কত্ত কিছুর বাস
কিন্তু কিছুই করার মতো হয় না অবকাশ।
বৃষ্টি বন্দনা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বৃষ্টির সুর
দৃষ্টিকে কেড়ে নিয়ে ছোটে বহু দূর
আকাশের বুকে করে লুকোচুরি খেলা
মেঘে মেঘে বয়ে যায় বরষার বেলা
নদীর অমিত ধারা বুকে নিয়ে জল
সাগরের দিকে ছোটে হয়ে উচ্ছ্বল
বিলে ঝিলে কথা বলে শাপলা শালুক
মাছেরাও ফিরে পায় হারানো তালুক
কৃষকের মুখে হাসি ফোটে অনাবিল
আনন্দে ওড়া-ওড়ি করে বকও চিল
কলমিলতারা দোলে সতেজ হাওয়ায়
শিশুসব করে রব দখিনা দাওয়ায়
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ সুরের নূপুর
ডেকে বলে মেঘেদের মতো করে উড়।
পরিণত প্রেম
প্রেম পরিণতি পেলে
ফোটে নাকফুল
লেগে থাকা ষোলোআনা
হয় যে উসুল।
চাঁদের চমকে হাসে নদ নদী কূল
ভালবাসা শোধ করে সুখের মাশুল
প্রেম পরিণত হলে
থাকে না অভাব
প্রেমময় পৃথিবীর
এটা-ই স্বভাব
জীবনের প্রতিবাঁকে সুখ হয় লাভ
রাঙা চোখে খেলা করে খেয়ালি খোয়াব
কিন্ত কখনো যদি প্রেম হয় গুম
সকালে ভাঙে না আর হতাশার ঘুম।
কম খাব
এখন থেকে খাদ্য-খানা খাব যে কম কম
ইচ্ছে হলেও আর খাব না সন্দেশও চমচম
মাংস থুয়ে খাব শুধু মিষ্টি আলুর দম
আটার বদল চিবিয়ে খাব আস্ত কিছু গম
তেল দেব না তরকারিতে দেব শুধু পানি
ইষ্টি-কুটুম-কেও দেব না একটু বাকরখানি
খাওয়া ভুলে করবো সবাই শুধু কানাকানি
করব না তো ভিন্ দেশীয় খাবারও আমদানি
এখন থেকে হাওয়া খেয়ে রাখব শরীর ঠিক
ক্ষুধা পেটেও মুগ্ধ হয়ে থাকব রোমান্টিক
বেশি খাওয়ার হাজার কুফল ছড়িয়ে চতুর্দিক
নাচবো পা’য়ে নূপুর পরে তাক ধিনা ধিন ধিক্
এখন থেকে খাওয়ার পিছে ছুটবো না হরদম
বলবো কথা বেশি বেশি কিন্তু খাব কম।

