ভবিতব্য হাসে
সুখে-দুখে অতীত সে সাল
অনুভবের রাশি,
কালক্রমে সুদীর্ঘ পথ
বাজায় বিদায় বাঁশি।
অনেক আশায় বুক বেঁধেছি
হয়তো অনেক শুভ,
মানব জাতির অধঃপতন
এটাই সত্য ধ্রুব।
প্রেম প্রীতি আর ভালোবাসা
মিছেই সে সব খুঁজি,
স্বার্থ নিয়েই বাঁচতে হবে
এটা ভালোই বুঝি।
স্বদেশ-বিদেশ মেতেছে আজ
যুদ্ধ যুদ্ধ খেলা,
মনুষ্যত্বের জলাঞ্জলি
হেথায় পশুর মেলা।
মেঘেরা আজ সে কোন দেশে
বোমা, বারুদ, ধোঁয়া,
ড্রোনের মেলা, ক্ষেপণাস্ত্র
সুখের স্বর্গ রোঁয়া।
প্রলয়ঙ্কর সভ্যতা আজ
বিবেক, বুদ্ধি গ্রাসে,
নতুন বছর নতুন ত্রাসে
ভবিতব্য হাসে।
এখন কলি কাল
জীবন এখন ভীষণ কঠিন বাস্তবতার ছোঁয়া,
অতীত দিনের সুখের ঘরের চাবি গেছে খোয়া।
তবু তো পথ চলতে হবে সহজ সে নয় মোটে,
কষ্ট করে আঁকড়ে জীবন সত্যে কুসুম ফোটে।
আগের দিনে যৌথ প্রয়াস সবাই ছিল সাথে,
এখন সময় বদলে গেছে প্রতিঘাতে ঘাতে।
একক প্রয়াস প্রচেষ্টাতে জীবন পথে চলা
স্বার্থ নিয়ে চলছে জগৎ শুধুই ছলা-কলা।
মনুষ্যত্ব বিবেক সবই হারাই জনে জনে,
মুখোশে মুখ ঢাকা আছে ফারাক মুখে মনে।
চৈতন্য আর চেতনা সব গড়াগড়ি খাচ্ছে,
দিনের সমাজ সেবক রাতে শুঁড়ির বাড়ি যাচ্ছে।
প্রেম প্রীতি সব গেল কোথা মরি খুঁজে খুঁজে,
বেশ জেনেছি এখন থেকে চলতে হবে বুঝে।
ভালোবাসা সে আবার কী! ভালোবাসতে মানা,
ভালোবাসার পরিণতিটা সকলেরই জানা।
অশ্রু জলে ভাসবে মনুজ! মূল্য কোথাও পাবে?
সব হারিয়ে অকূল পাথার জাহান্নমে যাবে।
অতীত সবই ভোল মনুজ যুগটা কলির কালে,
অসত্য আর আসততায় চলবে তালে তালে।
এক ফালি চাঁদ
আসমানেতে চাঁদের উদয়
ঈদ খুশিতে আনন্দোদয়
এক ফালি চাঁদ বাঁকা,
রমজানের এই মাসের শেষে
উৎসবেতে মাতব হেসে
ঈদের পরশ মাখা।
একটি মাসের সিয়াম শেষে
পবিত্র ঈদ অবশেষে
সকল দুঃখ নাশে,
অন্তরেতে আল্লা আছেন
পবিত্র মন হৃদয় বাছেন
বাঁচি তারই আশে।
শাওয়াল মাসের প্রথম দিনে
প্রেম, প্রীতি সুর চিত্ত বীণে
ঈদের মিলন মেলা,
দীর্ঘ রোজার পালন পরে
নামাজটি পাঠ ভক্তি ভরে
ঈদুল ফিতর বেলা।
বন্ধু সুজন জড়াই প্রাণে
ঐকতানের গানে গানে
হৃদ মাঝারে বুকে,
নামাজ পাঠে ঋদ্ধ হৃদি
মনুষ্যত্ব বিবেক যদি
অসত্য দেয় রুখে।
শুনতে পারেন শঙ্খ ঘোষ নিয়ে চিন্তাসূত্রের তর্পণ

