আপেল পতনের সূত্র
আমি তো পড়েছি তাহার প্রেমে
যেভাবে আপেল মাটিতে পড়ে!
মাধ্যাকর্ষণের টান দুজনের মাঝে
কে খণ্ডাতে পারে?
এসব সূত্রবিধি রয়েছে সৃষ্টির মূলে,
বিজ্ঞানী আবিষ্কার করে আর
প্রেমিক অনন্ত দহনে ভোগে।
দৃষ্টি নিমজ্জন
একবার দেখে মুগ্ধ অপলক
যখন তোমার চোখের তারায়
ডুবেছে আমার চোখ—
কিভাবে উঠবে ভেসে দৃষ্টিপ্রেমের
নাছোড় আঠার থেকে?
যেই না তুমি ঘুমে বুজলে চোখ
আমার চোখও নিদ্রা গেলো সাথে
তোমার সাথে স্বপ্ন দেখি
তোমার দুরন্ত কল্পনাতে!
স্বাধীনতা পরিক্রমা
অর্ধ শতাব্দীর বেশি কেটে গেলো
সুবর্ণরেখার দিকে তাকিয়ে রয়েছে স্বাধীনতা
তার দেহে রক্তদাগ এখনো সজীব…
রক্ত শুষে নিয়ে যে গোলাপ ছড়াবে সুবাস
প্রতিদিন রক্তসিঞ্চনে ভিজে যায় আর্ত শিকড় তার
আরও গভীরে প্রোথিত হবার সাধ প্রতিহত হয়ে ফেরে;
আত্মপরিচয়ের দ্বিধায় দীর্ণ জাতির দীর্ঘ-দীর্ঘশ্বাস—
স্তরীভূত মনোপনিবেশের চাপে গলে গিয়ে একদিন
প্রখর জীবনের তাপে শুদ্ধ ‘আমি’ ও ‘আমরা’-কে
তারা নিশ্চয়ই খুঁজে পাবে—
সে আরও অর্ধ শতাব্দীর কাজ!

