চিন্তাসূত্র ডেস্ক
প্রবন্ধ-গবেষণা সাহিত্যে ‘বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার-২০২০’ পেলেন বেগম আকতার কামাল। এছাড়া, আরও ৯ বিভাগে ৯ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলা অ্যাকাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন অ্যাকাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রবন্ধ-গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান-কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার ও ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
তবে, বাংলা অ্যাকাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অপরেশ বন্দ্যোপাধ্যায়’-এর নাম ‘অপরেশ বন্দোপাধ্যায়’ লেখা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ-ক্ষোভপ্রকাশ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।
