চিন্তাসূত্র ডেস্ক
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের নামে বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট সাহিত্যিক-শিক্ষাবিদ-সাংবাদিকরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জীবনানন্দ দাশের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের জেলখানার মোড়ে গাজী ভবনের নিচতলায় বগুড়া লেখক চক্র আয়োজিত এক আলোচনা সভায় তারা এই দাবি জানান।
জীবনানন্দ দাশকে দুঃখবাদী ও তিমিরবিনাশী কবি বলে উল্লেখ করে আলোচকরা বলেন, বরিশাল কিংবা বাংলাদেশের যেকোনো জেলায় জীবনানন্দ দাশের নামে একটি বিশ্ববিদ্যালয় করা এখন সময়ের দাবি।
আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
সভায় বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, কবি-সাংবাদিক মামুন রশীদ, কবি করিম মোহাম্মদ, সুখানপুকুর এম আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজার রহমান মজনু, গাবতলি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. শাহিনুর রহমান, ছড়াকার রতন খান ও গবেষক ইসরাফিল হোসাইন।
সংগঠনের আসর পরিচালনা সম্পাদক সাফওয়ান আমিনের সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন ছড়াকার আমির খসরু সেলিম, সারমিন সীমা, আমিনুল ইসলাম রনজু, হিরণ্য হারুন, শৈবাল নূর, শুভ্রা সাহা, মো. এনায়েত হোসেন, নয়ন আহমেদ, মো. এনায়েত হোসেন, মো. মাহতাব ও বেলাল সরকার।
