চিন্তাসূত্র ডেস্ক
জলধি তরুণ লিখিয়ে হলেন ৩০ জন। রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর কাঁটাবনে কবিতা ক্যাফেতে আয়োজিত ‘জলধি তরুণ লিখেয়ের খোঁজে-২০২১’ শীর্ষক এক অনুষ্ঠানে এই ৩০ কবি-গল্পকারকে ক্রেস্ট, সনদ ও বই দেওয়া হয়।
অনুষ্ঠানে কবি মুহম্মদ নূরুল হুদা, গবেষক ড. তপন বাগচী, কথাসাহিত্যিক রেজাউল করিমসহ উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি ও কথাসাহিত্যিকরা।
অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে কথাসাহিত্যিক পাপড়ি রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়।
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘জলধি’র এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। কোনো লেখকের নাম না থাকায় বিচারকার্য সম্পাদন করতে গিয়ে শুধু লেখার মানকেই বিচার করেছি। আশা করি, জলধি সারা বাংলাদেশের তরুণদের মধ্যে যে জাগরণ তুললো, তা অব্যাহত রাখবে।’
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জলধি সম্পাদক নাহিদা আশরাফী।
উল্লেখ্য, সারাদেশের ত্রিশ বছরের কম বয়সী লিখিয়েদের তুলে আনতে প্রকাশনা সংস্থা জলধি ও জলধি সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে ‘জলধি তরুণ লিখিয়ের খোঁজে’নামে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আয়োজন করা হয়। সারা দেশের প্রায় ৩৫০ জন তরুণ লিখিয়ের মধ্য থেকে ৩ স্তরের বাছাইয়ের মাধ্যমে গল্প ও কবিতা বিভাগে মোট ৩০জনকে নির্বাচিত করা হয়।
দুই বিভাগে তিন জন করে মোট ছয় জনকে ‘সেরা তিন লিখিয়ে’ ক্যাটাগরিতে জনপ্রতি পাঁচ হাজার টাকার বই, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
