ফ্রান্ৎস কাফকার The Metamorphosis কেবল এক মানুষের কীটপতঙ্গে রূপান্তরিত হওয়ার অদ্ভুত কাহিনি নয়; বরং এটি মানুষের অস্তিত্ব, আত্মপরিচয়, সামাজিক অবস্থান ও মানবিক সম্পর্কের গভীর সংকটের আখ্যানও। গ্রেগর সামসার রূপান্তর বাহ্যিকভাবে দৃশ্যমান হলেও তার অন্তর্নিহিত সংকট আধুনিক মানুষের প্রতিদিনের জীবনেই বহমান। যান্ত্রিক সভ্যতার ক্রমবর্ধমান বিস্তার, অর্থনৈতিক দায়বদ্ধতা, পেশাগত প্রতিযোগিতা, সামাজিক প্রত্যাশা এবং উপযোগিতানির্ভর সম্পর্কের মধ্যে মানুষ ক্রমশ তার স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলছে। জীবনের প্রয়োজনে মানুষ কাজ করছে, দায়িত্ব পালন করছে, সম্পর্ক বজায় রাখছে; অথচ এসবের মধ্যে তার নিজস্ব ইচ্ছা, অনুভূতি ও অস্তিত্বের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। এই অর্থে গ্রেগর সামসা কোনো বিচ্ছিন্ন কাল্পনিক চরিত্র নয়; বরং সমকালীন মানুষের বহুমাত্রিক সংকটের এক প্রতীকী প্রতিরূপ।
গ্রেগর সামসা কেবল একটি কীটপতঙ্গে রূপান্তরিত মানুষ নয়; সে এমন এক মানুষের প্রতীক, যার ব্যক্তিসত্তা, অনুভূতি ও মানবিক অস্তিত্বকে পরিবার ও সমাজ তার উপযোগিতার মাপকাঠিতে বিচার করেছে। তাই গ্রেগোর যখনই কীটে রূপান্তরিত হয়েছে তখন সে চাকরি, পারিবারিক ঋণ নিয়ে ভাবতে থাকে। তার শারীরিক পরিবর্তন নিয়ে তাকে মাথা ঘামাতে দেখা যায়নি কোথাও! গ্রেগোর চেয়েছে বাবার ঋণ পরিশোধ করতে। সামনের বছর বোন গ্রেতকে কনজারভেটরিতে পাঠাবে, তাতে ওর যত খরচই হয়ে যাক না কেন!
মানুষের অস্তিত্বের চেয়ে তার কর্মক্ষমতা, উপযোগিতা ও অর্থনৈতিক অবদান যখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন মানুষ কিভাবে বিচ্ছিন্ন ও অস্তিত্বসংকটাপন্ন হয়ে পড়ে, তা ফ্রান্ৎস কাফকা বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন ‘মেটামরফোসিস’ উপন্যাসে।
এখানে গ্রেগর সামসা আধুনিক যান্ত্রিক সভ্যতায় বসবাসকারী মানুষের সামগ্রিক অস্তিত্বের প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়েছে। আজকের পৃথিবীতে সবাই কোনো না কোনোভাবে গ্রেগর সামসা। হয়তো কেউ শারীরিকভাবে পোকায় পরিণত হয়নি, কিন্তু জীবনের চাপ, পেশাগত দায়বদ্ধতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক প্রত্যাশা ও সম্পর্কের স্বার্থপরতা মানুষকে ক্রমাগত নিজের মানবিক সত্তা থেকে বিচ্ছিন্ন করছে। যেমন, পরিবারের পক্ষ থেকে গ্রেগরের ওপর নেমে এসেছে মানসিক চাপ ও রূঢ়তা! গ্রেগরের রূপান্তর পিতার অপারগতাকে ছাপিয়ে তার রূঢ়তায় প্রকাশিত করেছে। উপন্যাসে গ্রেগরের বরাত দিয়ে পাই, ‘এ কি সেই মানুষ, যিনি এক সময় সারাবেলা বিছানায় শুয়ে থাকতেন, যেন দাঁড়ানোর শক্তিও দেহে অবশিষ্ট নেই? ইনি কি সেই ব্যক্তি, যিনি গ্রেগরের ব্যবসায়িক সফর শেষে বাসায় ফেরার পর আলখাল্লা পরে গা এলিয়ে দেওয়া ভঙ্গিতে আসনে বসে তাকে স্বাগত জানাতেন, সামান্য উঠে দাঁড়ানোও যার পক্ষে সম্ভব ছিল না? সেই মানুষ, যিনি কোথাও যেতে হলে সর্বদা লাঠির ওপর ভর দিয়ে ধীরগতিতে হাঁটতেন, গ্রেগর আর তার মায়ের পেছনে পেছনে চলতেন?
কিন্তু এখন, এ যেন এক সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।’
রূপান্তরের পর গ্রেগর তার চির পরিচিত মানুষগুলোর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাকে নিয়ে তাদের মধ্যে গড়ে ওঠা সংকট গ্রেগর উপলব্ধি করে। কিন্তু যে গ্রেগর একসময় পরিবারের স্বার্থে তার উপার্জিত সব টাকা পরিবারের হাতে তুলে দিয়েছে। সেই গ্রেগরের রূপান্তরের পর তার ঘরের আসবাব সরিয়ে ফেলা হচ্ছে! সে না খেয়ে থাকলেও কেউ খবর নিচ্ছে না। বোন গ্রেত প্রথমদিকে কিছুটা অনুভূতিশীল হলেও শেষপর্যন্ত গ্রেত হঠাৎ টেবিলে হাত চাপড়ে বলে ওঠে, ‘এভাবে আর চলতে পারে না। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। আমি ওর নাম ম
নেবো না এই জানোয়ারের সামনে, শুধু এটুকুই বলছি, এটাকে বিদায় করতে হবে, এই জন্তু কোনোভাবেই আমার ভাই হতে পারে না।’
মূলত আজকের সমাজেও কর্মক্ষমতা হারালে মানুষ সামাজিক স্বীকৃতি হারায়। সম্পর্কের মুখোশ পলেস্তারার মতো খসে পড়ে! গ্রেগর সামসা বা আজকের সমাজের গ্রেগররূপী ব্যক্তি প্রত্যেকের জন্য চরমসত্য আপ্তবাক্য হলো, প্রয়োজনের ভিত্তিতেই সম্পর্কের মূল্য নির্ধারিত হয়।
গ্রেগর সামসার কীটপতঙ্গে রূপান্তরকে কেবল শারীরিক পরিবর্তন হিসেবে বিবেচনা করলে উপন্যাসটির গভীর তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয়। বরং তার রূপান্তরের পূর্ববর্তী জীবন পর্যালোচনা করলে দেখা যায়, সে ইতিমধ্যেই শ্রমবিচ্ছিন্নতার শিকার। পেশাগত বাধ্যবাধকতা, পারিবারিক ঋণের দায় এবং অর্থনৈতিক দায়িত্ব পালনের চাপ তার ব্যক্তিসত্তাকে সংকুচিত করেছে। সে নিজের শ্রমের মাধ্যমে পরিবারের প্রয়োজন মেটালেও নিজের জীবনকে স্বাধীনভাবে পরিচালনার অধিকার অর্জন করতে পারেনি। এই অবস্থায় তার শারীরিক রূপান্তর যেন দীর্ঘদিনের মানসিক, সামাজিক ও অস্তিত্বগত বিচ্ছিন্নতার দৃশ্যমান রূপ।
মার্ক্স ১৮৪৪ সালে Economic and Philosophic Manuscripts গ্রন্থে শ্রমবিচ্ছিন্নতার যে ধারণা দিয়েছেন, তা গ্রেগরের জীবনাচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মার্ক্সের মতে, পুঁজিবাদী উৎপাদনব্যবস্থায় শ্রমিক তার শ্রমশক্তি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু যে শ্রম সে করে, যে পণ্য সে তৈরি করে এবং যে উৎপাদনপ্রক্রিয়ার অংশ হয়, সেগুলোর ওপর তার নিয়ন্ত্রণ থাকে না। উপন্যাসের শুরুতেই দেখা যায়, গ্রেগর একদিন ঘুম থেকে উঠে নিজেকে বিশাল কীটপতঙ্গে রূপান্তরিত অবস্থায় আবিষ্কার করে। কিন্তু তার প্রথম উদ্বেগ নিজের শারীরিক অবস্থা নয়। তার উদ্বেগ—সে কাজে যেতে পারবে কি না, ট্রেন মিস হবে কি না, অফিসের কর্তৃপক্ষ কী ভাববে!কারণ তার শরীরের রূপান্তরের চেয়েও তার কাছে চাকরির দায়িত্ব বড় হয়ে ওঠে। এখানে আধুনিক সমাজের কাছেও প্রশ্ন থেকে যায়- কাজের জন্য জীবন, নাকি জীবনের জন্য কাজ? গ্রেগর কাজ করে বেঁচে থাকার জন্য, কিন্তু কাজ করতে করতে বেঁচে থাকার আনন্দ হারিয়ে ফেলে। বর্তমান চাকরিজীবী মানুষের ক্ষেত্রেও এই দ্বন্দ্ব দেখা যায়।
এরিখ ফ্রম (১৯০০–১৯৮০) মানুষ ও যান্ত্রিক সমাজের সম্পর্ক নির্ণয় করতে গিয়ে আত্মবিচ্ছিন্নতা সম্পর্কে আলোচনা করেছেন। তাঁর চিন্তায় মনোবিজ্ঞান, মার্ক্সবাদ ও মানবতাবাদী দর্শনের সমন্বয় ঘটেছে। ফ্রমের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, আধুনিক মানুষ এমন একটি সমাজব্যবস্থার মধ্যে বসবাস করছে, যেখানে মানুষ নিজের সৃষ্ট অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত ব্যবস্থার অধীন হয়ে পড়ছে। অর্থাৎ, মানুষ যন্ত্র তৈরি করেছে নিজের জীবনকে সহজ করার জন্য। কিন্তু একসময় সেই যন্ত্র, উৎপাদনব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামোই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এখানে গ্রেগর নিজের জীবন থেকে বিচ্ছিন্ন। তার জীবনের নিয়ন্ত্রক যেন সে নিজে নয়; বরং পেশা, অর্থনীতি ও সামাজিক দায়িত্ব। মানুষের মূল্য কি তার অস্তিত্বে, নাকি তার অর্জন ও উপযোগিতায়? যে সভ্যতা মানুষের জীবনকে উন্নত করার কথা, সেই সভ্যতার মধ্যেই মানুষ কেন ক্রমশ নিজের মানবিক অস্তিত্ব হারিয়ে ফেলছে?
গ্রেগর নিজের পেশা ভালোবাসে কি না, নিজের জীবনে কী চায়, কিভাবে বাঁচতে চায়—এসব প্রশ্নের গুরুত্ব তার জীবনে নেই। পরিবারের ঋণ পরিশোধ এবং দায়িত্ব পালনের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ। এমনকি পোকায় রূপান্তরিত হওয়ার পরও তার প্রথম চিন্তা অফিসে পৌঁছানো।
গ্রেগর আসলে কি যান্ত্রিক সভ্যতার কষাঘাতে নিপতিত আধুনিক মানুষ নয়? গ্রেগর যে পোকায় পরিণত হয়েছে, তা রূপক। তবে মানুষ কি একদিনে পোকায় পরিণত হয় বা যান্ত্রমানবে পরিণত হয়! না কি প্রতিদিনের যান্ত্রিক জীবন, দায়িত্ব, উপযোগিতা ও সামাজিক প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের মানবিক পরিচয় হারাতে থাকে? গ্রেগরের মৃত্যুর পর পরিবারের স্বস্তি, ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্ছ্বাস মননে প্রশ্ন জাগায় তাহলে সত্যি মানুষের কোনো মূল্য নেই? সবই কি তার উপোযোগিতার ওপর নির্ভরশীল!

