
হেনরী গোমেজ
শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘দাগ’ প্রবর্তিত ‘দাগ সাহিত্য পুরস্কার’ ঘোষণারও সময় ঘনিয়ে এসেছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই জল্পনা-কল্পনাও বাড়ছে। বাড়ছে গুঞ্জনের ডালপালাও। সবার মনে একই প্রশ্ন এবার কারা পাচ্ছেন ‘দাগ সাহিত্য পুরস্কার’?
দাগ-সংশ্লিষ্ট সূত্রমতে, এবার মূলত তিনটি শাখায় চার ক্যাটাগরিতে দাগ সাহিত্য পুরস্কার দেওয়া হবে। শাখাগুলো হলো, কথাসাহিত্য, কবিতা ও গবেষণা-প্রবন্ধ। এরমধ্যে কবিতায় দুই ক্যাটাগরিতে পুরস্কার দেবে দাগ। কবিতা-১ পাবেন কবি বিভাগে একজন, আর কবিতা-২ পুরস্কারে ভূষিত হবে তরুণ কবি বিভাগ থেকে একজন। কিন্তু কারা সেই ভাগ্যবান?
এবারের কথাসাহিত্যে অন্তত ৫ জনের নাম আলোচনায় উঠে এসেছে। তারা হলেন মহীবুল আজিজ, রাজীব নূর, মনি হায়দার, রুমা মোদক ও মাহবুব আজিজ। কবিতায় জাফর আহমদ রাশেদ, ফকির ইলিয়াস, হেনরী স্বপন, শামীম রেজা, মোস্তাক আহমাদ দীন ও তপন বাগচীর নাম উঠে এসেছে আলোচনায়। আর তরুণ কবিদের মধ্যে সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন, শামীম হোসেন, রবু শেঠ, চাণক্য বাড়ৈ, মামুন রশীদ ও সালাহ উদ্দিন মাহমুদ।
গবেষণা-প্রবন্ধ শাখায় কাজী মহম্মদ আশরাফ, হামিম কামরুল হক, বীরেন মুখার্জী, মজিদ মাহমুদ ও আজিজ কাজলের নাম শোনা যাচ্ছে। তবে, এবছর সমাজ সেবায় কেউ পুরস্কার নাও পেতে পারেন।
উল্লেখ্য, মিজানুর রহমান বেলাল সম্পাদিত শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘দাগ’ প্রবর্তিত ‘দাগ সাহিত্য পুরস্কার’ দেওয়া হচ্ছে ২০১৬ সাল থেকে। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন কবিতায় খালেদ হোসাইন, কথাসাহিত্যে সালাম সালেহ উদদীন, শিশু সাহিত্যে আনজীর লিটন, তরুণ-কবিতায় জব্বার আল নাঈম, গ্রামউন্নয়ন, সমাজসেবা ও তরুণ সংগঠক হিসেবে আবুহেনা মোস্তফা কামাল।
২০১৭ সালে পেয়েছেন কথাসাহিত্যে সেলিনা হোসেন, কবিতায় হাসান হাফিজ, নাটকে দেওয়ান শামসুর রকিব, তরুন কবি শাখায় আদিত্য নজরুল, প্রবন্ধে সাইফুর রহমান। এছাড়া, জাতীয় জাগরণে একটি মাত্র ‘দাগ পুরস্কার-২০১৭’ পেয়েছে চ্যানেল আই, ভাগ্যলক্ষ্মী (উদ্যাক্তা)।
২০১৮-১৯ সালে সম্মিলিতভাবে কথাসাহিত্যে পেয়েছেন আনিসুল হক, কবিতায় আমিনুল ইসলাম, আত্মজীবনীতে ইজাজ আহমেদ মিলন, প্রবন্ধে ড. মোহাম্মদ আসাদুজ্জমান চৌধুরী, সমাজ সেবায় কামরুল হাসান কাজল, কথাসাহিত্যে নূর কামরুন নাহার ও তরুণ কবিতা শাখায় তুষার কবির।
